ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগ, সন্ত্রাসবিরোধী মামলায় চিকিৎসক গ্রেপ্তার
মেডিভয়েস রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পাবনার সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে রাশিদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রতি শুক্রবার তিনি ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মেডিভয়েসকে বলেন, চিকিৎসক রাশেদুল হাসানকে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট দেওয়া এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তিনি (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত বলেও উল্লেখ করেন ওসি।
তিনি বলেন, চিকিৎসক রাশেদুল হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি, যেমন—এমপি, মন্ত্রী, সচিব ও উপদেষ্টাদের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যসংবলিত পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। এমনকি তিনি নিজেকে ফ্যাসিস্টপন্থী বলেও দাবি করেন। এ ধরনের প্রচার-প্রচারণার মাধ্যমে সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
ওসি আনিসুর রহমান আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাঁথিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। গতকাল সন্ধ্যায় সাটিয়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে পাঠানো হয়। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
তবে চিকিৎসক রাশেদুল হাসান সরকারি চাকরিতে নিয়োজিত কি না, সে বিষয়ে ওসির বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। এক পর্যায়ে তিনি জানান, ওই চিকিৎসক এখন সরকারি চাকরিতে নেই। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে বসবাস করেন বলেও জানান ওসি।
এমআই/