ডিসেম্বরের চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল, উপপরিচালক নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে একযোগে চালু হচ্ছে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। রাজশাহী, বরিশাল, রংপুর, খুলনা ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পাঁচটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিন নির্মাণ শেষে জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে অব্যবহৃত থাকা হাসপাতালগুলো চালুর মধ্য দিয়ে ঢাকার বাইরে শিশুদের বিশেষায়িত চিকিৎসাসেবার নতুন সুযোগ তৈরি হতে যাচ্ছে।
হাসপাতালগুলোর কার্যক্রম শুরুর প্রস্তুতির অংশ হিসেবে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তাদের পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে এসব পদে দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. মোস্তফা জামান এবং খুলনা শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। অন্যদিকে কুমিল্লা শিশু হাসপাতালের উপপরিচালকের দায়িত্ব পেয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম।
এর মধ্যে বরিশালে ডা. মো. মজিবর রহমানকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপপরিচালকের দায়িত্ব পালন করতে বলা হয়েছে। কুমিল্লার ক্ষেত্রেও সিভিল সার্জনকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।
পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচটি শিশু হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসক ১০টি। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, জরুরি বিভাগের মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেসথেশিয়া বিভাগে ২০টি পদ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আধুনিক চিকিৎসাসুবিধা থাকবে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
হাসপাতালগুলো চালুর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ২০০ শয্যার হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেন তিনি। এরপর হাসপাতালগুলো চালুর প্রস্তুতি জোরদার করা হয়।
গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের জানিয়েছিলেন, বছরের শেষ দিকে পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।
পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু হলে ঢাকার বাইরে জটিল ও গুরুতর রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার সুযোগ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে নবজাতক ও সংকটাপন্ন শিশুদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ওপর নির্ভরতা কমাতে এসব হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূত্র: বাসস
এমআর/