২৪ নভেম্বর, ২০২৬ ০১:৪০ পিএম

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ নার্সিং শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্পট: রাজধানীর কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে গ্রিন লাইফ কলেজ অব নার্সিং এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) মারা গেছেন। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে সানজিদার শরীরের ৩৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে একই ঘটনায় দগ্ধ ইফতি সাবা (২৫) ও তার এক বছর বয়সী ছেলে আরিস রহমান মাহাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে এ ঘটনায় দগ্ধ ব্যাংক কর্মকর্তা আবদুর রহমান মানিক (৩২) ও সানজিদার মা শামসুন্নাহার বেগম (৫২) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের তথ্যমতে, মানিকের শরীরের ৬ শতাংশ এবং শামসুন্নাহারের ৪০ শতাংশ পুড়ে গেছে।

গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে এ বিস্ফোরণ ঘটে। এতে একই ফ্ল্যাটে থাকা দুটি পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। তাদের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা আবদুর রহমান মানিক, তার স্ত্রী ইফতি সাবা ও ছেলে আরিস রহমান মাহাদ। অন্য দুজন হলেন পাশের কক্ষের ভাড়াটে সানজিদা ইসলাম ও তার মা শামসুন্নাহার বেগম।

দগ্ধ আবদুর রহমান মানিক জানান, স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই ফ্ল্যাটে সাবলেট থাকতেন তিনি। বৃহস্পতিবার সকালে তার স্ত্রী ছেলেকে কোলে নিয়ে রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটে থাকা পাঁচজনই দগ্ধ হন।

মানিকের ধারণা, ভবনটির নিচতলায় রাখা গ্যাস সিলিন্ডার থেকে ওপরে সংযোগ নেওয়া হয়েছিল। রাতে কোনো কারণে চুলা চালু থাকা অথবা পাইপের লিকেজ থেকে সারা রাত ঘরে গ্যাস জমে থাকতে পারে। সকালে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক