২৩ নভেম্বর, ২০২৬ ০২:৫২ পিএম

সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা

সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট:  দেশের সরকারি হাসপাতালগুলোর ফার্মেসিকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এর মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা ওষুধের অপচয় রোধ এবং প্রকৃত রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের কারণে প্রতিবছর প্রায় সোয়া লাখ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া এর চেয়েও বেশি সংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়, যার ফলে চিকিৎসার ব্যয়ও বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

আন্তর্জাতিক জনস্বাস্থ্যবিদ ড. এম এ মুহিত বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান বা সচেতনতা দিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো সংকট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা ‘ওভার দ্য কাউন্টার’ (ওটিসি) অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং তার কঠোর বাস্তবায়ন জরুরি।

তিনি আরও জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালু করছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন ব্যবস্থা চালু করা হবে। ফলে স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম ডিজিটাল নজরদারির আওতায় আসবে।

চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য এবং আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকেও স্বাগত জানান প্রতিমন্ত্রী।

কর্মশালায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট প্রটোকল রয়েছে। কিন্তু অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকেরও এ বিষয়ে পর্যাপ্ত ধারণা নেই। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে।

সেন্টার ফর মেডিকেল এডুকেশনের (সিএমই) পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যাপক ডা. দিলারা আলো।

এতে আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজার সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক