দিনাজপুর জেনারেল হাসপাতালে ২০ শয্যার শিশু ওয়ার্ড চালু
মেডিভয়েস ডিরপোর্ট: দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনে ২০ শয্যার শিশু ওয়ার্ড চালু করা হয়েছে। আজ রোববার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম নতুন এই ওয়ার্ডের চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি শিশু ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় শিশুদের চিকিৎসাসেবার মান বাড়ানোর পাশাপাশি তাদের প্রতি আরও যত্নবান হওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের প্রতি আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, দিনাজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল হাসপাতালে একটি আধুনিক শিশু বিভাগ চালু করা। নতুন ভবনের আধুনিক সুযোগ-সুবিধার মাধ্যমে জেলার শিশুরা এখন থেকে উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। প্রতিটি শিশুকে সর্বোচ্চ আন্তরিকতা ও মমতা দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সদের প্রতি অনুরোধ জানান তিনি।
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, নতুন ভবনের তৃতীয় তলায় কেবিন ও ওয়ার্ডসহ শিশু বিভাগটি চালু হওয়ায় চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে। সীমিত জনবল থাকা সত্ত্বেও শিশুদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যাসংখ্যা ২০টি। তবে পর্যাপ্ত জায়গা থাকায় পেয়িং বেডসহ মোট ৩৪টি শয্যা চালু করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. নূর আলম, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মো. নুরুল হাসান সোহান, উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. শাহরিয়া আরেফিনসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকেরা।
টিআই/