প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরীন সুলতানার প্রশ্নের জবাবে এ তথ্য জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মন্ত্রী আন্দালিব রহমানের অনুপস্থিতিতে তিনি এ প্রশ্নের জবাব দেন।
প্রতিমন্ত্রী জানান, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ ও অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও-রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে।
তিনি বলেন, গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন সংবাদপত্রের মুদ্রিত ও অনলাইন সংস্করণ, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর ও ক্ষতিকর তথ্য যাচাই করা হচ্ছে। এ লক্ষ্যে তথ্য অধিদপ্তরের গঠিত কমিটি প্রতিবেদন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠাচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, গুজব, উসকানিমূলক বক্তব্য, ফটোকার্ড, অডিও-ভিডিও ও বিকৃত তথ্য প্রচারকারী সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানানো হচ্ছে।
এইউ/