১২ নভেম্বর, ২০২৬ ০১:৫২ পিএম

১২তম গ্রেডে নার্স-মিডওয়াইফ নিয়োগের প্রতিবাদ, ১০ম গ্রেডে নিয়োগের দাবি এনএনএফের

১২তম গ্রেডে নার্স-মিডওয়াইফ নিয়োগের প্রতিবাদ, ১০ম গ্রেডে নিয়োগের দাবি এনএনএফের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিনিয়র স্টাফ নার্স পদ ১০ম গ্রেডে বহাল থাকা সত্ত্বেও নার্স-মিডওয়াইফ পদ ১২তম গ্রেডে নিযোগের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ)। একই ধরনের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দায়িত্ব থাকা সত্ত্বেও নার্সিং পেশার দুটি পদে ভিন্ন গ্রেড নির্ধারণকে বৈষম্যমূলক, অযৌক্তিক ও পেশাগত মর্যাদার পরিপন্থী বলে উল্লেখ করেছে সংগঠনটি।

বুধবার (১১ নভেম্বর) সংগঠনটির অফিস সম্পাদক জাকির হোসেনের স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপিতে গভীর উদ্বেগ ও ক্ষোভের প্রকাশ করেন তারা।

প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে নার্স-মিডওয়াইফ পদে ১২তম গ্রেডে ১৯ জন নিযোগের কথা বলা হয়েছে। যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। অথচ একই যোগ্যতায় সরকারিভাবে সিনিয়র স্টাফ নার্স পদ ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়। একই শিক্ষাগত যোগ্যতা, একই পেশাগত দায়িত্ব ও একই সেবার মান থাকা সত্ত্বেও একটি পদকে ১০ম গ্রেড এবং আরেকটি পদকে ১২তম গ্রেডে রাখা সম্পূর্ণ অযৌক্তিক, বৈষম্যমূলক ও পেশাগত মর্যাদার পরিপন্থী। এটি নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে বিভাজিত করার এবং মিডওয়াইফদের মর্যাদা খর্ব করার শামিল।’

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘মিডওয়াইফরা মা ও নবজাতকের জীবন রক্ষায় সম্মুখসারিতে কাজ করেন। তাঁদের অবদান কোনোভাবেই কম নয়। তাঁদেরকে নিম্ন গ্রেডে রেখে নিয়োগ দেওয়া হলে মেধাবীরা এই পেশায় আসতে নিরুৎসাহিত হবেন এবং মাতৃস্বাস্থ্য সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

এনএনএফের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো— ১২তম গ্রেডের বৈষম্যমূলক নিযোগ বিজ্ঞপ্তি সংশোধন করে ১০ম গ্রেডে পুনরায় প্রকাশ করতে হবে এবং সিনিয়র স্টাফ নার্স, নার্স- মিডওয়াইফসহ সকল নার্সিং পদের জন্য অভিন্ন গ্রেড ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।

এছাড়া নার্সিং ও মিডওয়াইফারি পেশার মর্যাদা রক্ষায় কোনো বৈষম্যমূলক সিদ্ধান্ত নেওয়া যাবে না। একইসাথে একই যোগ্যতায় ভিন্ন গ্রেড মানি না বলেও জানান সংগঠনটি।

এনএনএফের কেন্দ্রীয় আহবায়ক ড. মো, ইউনুছ আলী বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় নার্সদের ন্যায্য অধিকার রক্ষায় ন্যাশনাল নার্সেস ফোরাম (এনএনএফ) নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।’

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত