০৪ নভেম্বর, ২০২৬ ০৭:১৫ পিএম

পাঁচ মেডিকেল কলেজে ইনমাস স্থাপনে একনেকের অনুমোদন

পাঁচ মেডিকেল কলেজে ইনমাস স্থাপনে একনেকের অনুমোদন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপনের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

আজ বুধবার (৪ নভেম্বর) একনেক সভায় ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পের মধ্যে নতুন ১১টি এবং সংশোধিত দুটি প্রকল্প রয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনমাস স্থাপনের প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে দেশের হাসপাতালগুলোতে নিউক্লিয়ার মেডিসিনভিত্তিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৩ কোটি ৭ লাখ টাকা।

এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাঁচটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ঢাকা সেনানিবাসের মঈনুল রোড আবাসিক এলাকায় বি-টাইপ কর্মকর্তাদের বাসস্থান এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জিগাতলার গাবতলা কলোনিতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তিতাস গ্যাসক্ষেত্রে দুটি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস-৩২ ও ৩৩) খনন প্রকল্পও অনুমোদন পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ সড়কে ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, পরিকল্পনামন্ত্রী ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত পাঁচটি প্রকল্প এরই মধ্যে অনুমোদন দিয়েছেন। একনেক সভায় এসব প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়। এর মধ্যে রয়েছে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসাসেবার আধুনিকায়ন এবং ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের প্রথম সংশোধন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক