০৪ নভেম্বর, ২০২৬ ০৬:৪৭ পিএম
ভোক্তা অধিকার অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন হোটেলকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিন হোটেলকে জরিমানা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং প্রস্তুতস্থলে তেলাপোকার উপস্থিতি পাওয়ায় মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্রে জানা গেছে, বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে খাবারের মান, প্রস্তুতপ্রক্রিয়া এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানের খাবার তৈরির স্থানেই তেলাপোকার উপস্থিতি দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। পাশাপাশি খাবার প্রস্তুত ও সংরক্ষণের স্থানগুলো ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এমন পরিবেশেই মিষ্টিসহ বিভিন্ন খাবার তৈরি ও বিক্রির প্রস্তুতি চলছিল।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে আল আমিন সুইটস অ্যান্ড হোটেলকে ১০ হাজার টাকা, পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা এবং মিষ্টি মুখ হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আগামী তিন দিন খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরা বেগম ও ব্যাটালিয়ন সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল মেডিভয়েসকে বলেন, প্রতিষ্ঠানটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। খাবার সংরক্ষণের স্থানের পাশে ড্রেন ছিল এবং খাবারের ওপর ময়লা ও ব্যবহৃত কাপড়চোপড় পড়ে থাকতে দেখা যায়। এসব অপরাধের কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ঘটনায় কোনো মামলা করা হয়নি।

এ দোকানগুলো নিয়ে কোন অভিযোগ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, এটি নিয়মিত অভিযানের অংশ ছিল; কোনো নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়নি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত