১২ অক্টোবর, ২০২৬ ০৭:২৬ পিএম
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৬-২০২৭ সালে বিশ্বের অন্যতম শক্তিশালী এল নিনো (অস্বাভাবিক আবহাওয়া) দেখা দিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। এর প্রভাবে বিশ্বের প্রায় ১০০টি দেশ ও অঞ্চলের ৩৪ কোটি ৭০ লাখের বেশি শিশু অস্বাভাবিক শুষ্ক বা আর্দ্র আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

এতে বন্যা, খরা, পানির সংকট, অপুষ্টি ও রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা রয়েছে।

ইউনিসেফের ৬ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এসব শিশু এল নিনো-সংশ্লিষ্ট অস্বাভাবিক আবহাওয়ার মুখোমুখি হতে পারে। এতে শিশুদের জীবন, স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। 

এল নিনো হলো প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্বাঞ্চলে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও তাপমাত্রার স্বাভাবিক ধরনে পরিবর্তন আসে।

কোথাও খরা ও পানির সংকট দেখা দিতে পারে, আবার কোথাও অতিবৃষ্টি ও বন্যার ঝুঁকি বাড়তে পারে। কৃষি উৎপাদন ব্যাহত হওয়ায় খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, শিশুদের জন্য এল নিনো কেবল আবহাওয়াগত ঘটনা নয়; এটি বাস্তুচ্যুতি, অপুষ্টি, পানির সংকট ও রোগের প্রাদুর্ভাব বাড়াতে পারে। একই সঙ্গে স্কুল বন্ধ হওয়া এবং পরিবারের আর্থিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

শিশু ও তাদের পরিবারকে সুরক্ষিত রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ ঝুঁকি

ইউনিসেফের অঞ্চলভিত্তিক হিসাব অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রায় ১৯ কোটি শিশু এল নিনো-সংশ্লিষ্ট অস্বাভাবিক আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে। পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতিটিতে প্রায় চার কোটি ১০ লাখ শিশু ঝুঁকিতে রয়েছে।

এ ছাড়া ইউরোপ ও মধ্য এশিয়ায় দুই কোটি ২০ লাখ, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় দুই কোটি এবং পশ্চিম ও মধ্য আফ্রিকায় আরও দুই কোটি শিশু এ ঝুঁকির আওতায় রয়েছে।

কোথাও খরা, কোথাও বন্যার আশঙ্কা

কলম্বিয়া, ফিজি, পাপুয়া নিউগিনি ও ফিলিপাইনের মতো দেশে তুলনামূলক শুষ্ক আবহাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিতে খরা, পানির সংকট ও খাদ্যনিরাপত্তাহীনতা বাড়তে পারে, যা শিশুদের অপুষ্টির ঝুঁকিও তীব্র করতে পারে।

অন্যদিকে আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চলে, বিশেষ করে সোমালিয়ায়, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে নদী ও আকস্মিক বন্যা, পানিবাহিত রোগের বিস্তার এবং শিক্ষাকার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

আফগানিস্তান ও চাদের মতো সংঘাত ও মানবিক সংকটে আক্রান্ত দেশগুলোর শিশুরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। এসব অঞ্চলে আগে থেকেই খাদ্যসংকট, বাস্তুচ্যুতি ও সীমিত স্বাস্থ্যসেবার কারণে এল নিনোর প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

জলবায়ু দুর্যোগে ব্যাহত শিশুদের শিক্ষা

ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ১১০ কোটি শিশু ইতিমধ্যে খরা, তীব্র তাপপ্রবাহ ও বন্যার মতো একাধিক জলবায়ুগত বিপদের ঝুঁকিতে রয়েছে। ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে আবহাওয়াজনিত দুর্যোগের কারণে প্রতিদিন গড়ে ২০ হাজারের বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে।

এ ছাড়া ২০২৫ সালে জলবায়ু-সম্পর্কিত ঘটনায় বিশ্বজুড়ে আনুমানিক ১৭ কোটি ১০ লাখ শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে।

চরম আবহাওয়ায় স্কুল বন্ধ হওয়া, নিয়মিত উপস্থিতি কমে যাওয়া ও ঝরে পড়ার ঝুঁকি বাড়তে পারে। দুর্যোগের কারণে পরিবারের আর্থিক সংকট তীব্র হলে শিশুদের প্রতি সহিংসতা, শোষণ ও বাল্যবিবাহের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।

আগাম প্রস্তুতির আহ্বান ইউনিসেফের

সম্ভাব্য দুর্যোগের ক্ষতি কমাতে সরকার, দাতা সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে আগাম বিনিয়োগ ও প্রস্তুতি বাড়ানোর আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি জলবায়ু-সহনশীল স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, শিশুদের জন্য জরুরি সেবা সচল রাখা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে মানবিক সহায়তা পৌঁছানোর ওপর গুরুত্ব দিয়েছে।

ইউনিসেফের তথ্যমতে, দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রতি এক ডলার বিনিয়োগে পুনরুদ্ধার ব্যয়ে সর্বোচ্চ ১৫ ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে। অথচ মানবিক সহায়তার তহবিলের এক শতাংশেরও কম আগাম পদক্ষেপে ব্যয় করা হয়।

সংস্থাটির মতে, সংকট তীব্র হওয়ার অপেক্ষা না করে পূর্বাভাসের ভিত্তিতে আগাম ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে শিশুদের সুরক্ষা, খাদ্য ও পানির নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শিক্ষা সেবা নিশ্চিত করা যায়।

এইউ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও