১১ অক্টোবর, ২০২৬ ০৫:১০ পিএম

ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দাবিতে সোহরাওয়ার্দীর পরিচালকের কাছে ইন্টার্নদের স্মারকলিপি

ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দাবিতে সোহরাওয়ার্দীর পরিচালকের কাছে ইন্টার্নদের স্মারকলিপি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণ, চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, বেসরকারি স্বাস্থ্য খাতে সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়নসহ পাঁচ দফা দাবিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা।

শনিবার (১০ অক্টোবর) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মির্জা গোলাম সারোয়ার মুনের কাছে স্মারকলিপি পেশ করেন হাসপাতালটির এসএইচ-১৬ ও এসএইচডি-১০ (২০২০-২১ সেশন) ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা।

স্মারকলিপিতে চিকিৎসকদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার পরীক্ষা পদ্ধতিতে সংস্কার এবং ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রী, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের লিখিত প্রতিশ্রুতি অনুযায়ী নতুন পে স্কেল অনুসারে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের মূল বেতনের সমপর্যায়ে নির্ধারণ এবং ট্রেইনি, ডিপ্লোমা, রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের সব সুযোগ-সুবিধাসহ আনুপাতিক হারে পুনর্নির্ধারণ ও কার্যকর করা। পাশাপাশি নতুন পে স্কেল অনুযায়ী বেসরকারি স্বাস্থ্য খাতের চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন এবং গত ৮ জুন ২০২৬ তারিখের সাচিবিক সভায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এফসিপিএস (FCPS) চিকিৎসকদের ভাতা নিয়মিত প্রতি মাসে প্রদান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। কর্মক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদে অবিলম্বে ‘চিকিৎসক সুরক্ষা আইন’ পাসেরও আহ্বান জানিয়েছেন তারা।

এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ের ফেজ-এ, বি ফাইনাল এবং এফসিপিএস মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার বিভিন্ন পর্যায়ে আংশিক উত্তীর্ণ হওয়ার বিধান চালু, চলতি বছরের জুলাই মাসে অনুষ্ঠিত সাচিবিক সভায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ছাত্র-চিকিৎসক সমাজের উত্থাপিত ঐতিহাসিক ছয় দফা দাবির অবশিষ্ট যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়নে দ্রুত প্রজ্ঞাপন জারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইনের ২৯ ধারা অনুযায়ী অপচিকিৎসা ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অন্তত প্রতি মাসে একবার দেশব্যাপী মোবাইল কোর্ট পরিচালনার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়েছে, চিকিৎসকদের আর্থিক অধিকার, পেশাগত নিরাপত্তা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে এসব দাবি বাস্তবায়ন জরুরি। দাবিগুলো অবিলম্বে কার্যকর করা না হলে চিকিৎসক সমাজ বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এ ক্ষেত্রে উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

চিকিৎসকদের উত্থাপিত পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করছেন স্মারকলিপি প্রদানকারী ইন্টার্ন চিকিৎসকরা।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক