কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিপসম পরিচালকের মতবিনিময়, দুই কর্মীকে আর্থিক সহায়তা প্রদান
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন। সভায় কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা, কর্মক্ষেত্রের সমস্যা ও প্রত্যাশার কথা গুরুত্বসহকারে শোনা হয়। পাশাপাশি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের স্বেচ্ছায় প্রদত্ত অনুদানে গঠিত তহবিল থেকে নিপসমের পরিচ্ছন্নতাকর্মী কামরুল হাসান ও নিরাপত্তা প্রহরী মিজানুর রহমানকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের চর্চা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়াবেন এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় কর্মীবান্ধব পরিবেশ গড়ে তোলা, কর্মকর্তা-কর্মচারীদের সমস্যা ও প্রত্যাশার প্রতি গুরুত্ব দেওয়া এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নিপসম কর্তৃপক্ষ জানায়, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে একটি মানবিক, সৌহার্দ্যপূর্ণ ও কর্মীবান্ধব প্রতিষ্ঠান গড়ে তুলতে নিপসম প্রতিশ্রুতিবদ্ধ।
এমইউ/