এনআইএলএমআরসি’র সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১০ অক্টোবর
মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে (এনআইএলএমআরসি) সেবা গ্রহণ প্রক্রিয়ায় আসছে আধুনিক পদ্ধতি। চিকিৎসা বা পরীক্ষা-নিরীক্ষার জন্য আগত সেবা প্রত্যাশীদের টোকেন সংগ্রহ ও সিরিয়াল গ্রহণের পুরো প্রক্রিয়াটি আগামী ১০ অক্টোবর থেকে পুরোপুরি অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে।
সম্প্রতি ইনস্টিটিউটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, স্বাস্থ্যসেবা আরও সহজ, সময়সাশ্রয়ী ও নাগরিবান্ধব করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত তারিখ থেকে আর সরাসরি গিয়ে টোকেন নেওয়ার সুযোগ থাকছে না, বরং শতভাগ প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে হবে।
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের ক্ষেত্রে রোগীদের ই-অ্যাপয়েন্টমেন্ট ডট ডিজিএইচএস ডট গভ ডট বিডি (https://eappointment.dghs.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ধাপে ধাপে প্রথমে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এরপর হাসপাতাল বা কাঙ্ক্ষিত বিভাগ নির্বাচন করে সুবিধাজনক তারিখ ও সময় বেছে নিতে হবে। পরবর্তী ধাপে অনলাইন পেমেন্ট সম্পন্ন করে টিকেট সংরক্ষণ বা প্রিন্ট করে নিতে হবে। সবশেষে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সেবা নিতে পারবেন রোগীরা।
যেকোনো প্রয়োজন বা সহায়তার জন্য হটলাইন নম্বর ১৬২৬৩-এ কল করার অনুরোধ জানিয়েছে এনআইএলএমআরসি কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবা গ্রহণের প্রক্রিয়া অনেক বেশি সুশৃঙ্খল হবে।
জেএইচ/
-
০৮ অক্টোবর, ২০২৬
-
৩১ অক্টোবর, ২০২৫
-
১৬ নভেম্বর, ২০২৩
-
২৪ এপ্রিল, ২০২১