০৬ অক্টোবর, ২০২৬ ১২:৫৩ পিএম

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: খাদ্য নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)।

এ লক্ষ্যে সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সরকার ও আইডিএর মধ্যে ২১ কোটি ৯২ লাখ স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) অর্থায়নের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আর্থিক মূল্য প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’-এর বাস্তবায়নকাল ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর জঁ পেম স্বাক্ষর করেন।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে অর্থ বিভাগ (এফডি), বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)।

ইআরডি জানিয়েছে, প্রকল্পটির মূল লক্ষ্য হলো রোপণ মৌসুমে বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে সার সরবরাহ নিশ্চিত করা এবং এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা।

চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলিত ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। অনুত্তোলিত ঋণের ওপর বার্ষিক সর্বোচ্চ শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারিত থাকলেও বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশকে এ ফি মওকুফ করে আসছে। চলতি অর্থবছরেও তা মওকুফ করা হয়েছে।

ঋণটির পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী। সংস্থাটির অর্থায়নে বর্তমানে বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, অবকাঠামো, প্রাতিষ্ঠানিক সংস্কার ও জ্বালানিসহ বিভিন্ন খাতে একাধিক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

সূত্র: বাসস

এইউ/ 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক