০২ অক্টোবর, ২০২৬ ০৭:৪৫ পিএম

অনুমোদন ছাড়াই বিদেশগামীদের স্বাস্থ্য পরীক্ষা, পল্টনে মেডিকেল সেন্টার সিলগালা

অনুমোদন ছাড়াই বিদেশগামীদের স্বাস্থ্য পরীক্ষা, পল্টনে মেডিকেল সেন্টার সিলগালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টনের ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পল্টনের বক্স কালভার্ট রোডে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে জনস্বার্থে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে দেখা গেছে ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৪ জন মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিকেল টেস্ট সম্পন্ন করে রিপোর্ট দেওয়া হয়েছে। তবে এসব স্বাস্থ্য পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার কোনো সরকারি অনুমতি ছিল না প্রতিষ্ঠানটির।

এ ছাড়া অভিযানে একই ভবনে ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ এর সাইনবোর্ডের পাশাপাশি ‘সামিহা ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরেকটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর প্রমাণও পাওয়া যায়।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতে যেকোনো ধরনের অনিয়ম, প্রতারণা এবং অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মালয়েশিয়াগামী কর্মীদের নিয়ে কোনো প্রতিষ্ঠানকে প্রতারণার সুযোগ দেওয়া হবে না।

মন্ত্রী আরও বলেন, যেসব প্রতিষ্ঠান ভুয়া বা প্রতারণামূলকভাবে বিদেশগামীদের মেডিকেল রিপোর্ট দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের স্বার্থরক্ষা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক