২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২১ পিএম

মমেক হাসপাতালে লটারির মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের ডিউটি-রোস্টার নির্ধারণ

মমেক হাসপাতালে লটারির মাধ্যমে ইন্টার্ন চিকিৎসকদের ডিউটি-রোস্টার নির্ধারণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডিউটি-রোস্টার লটারির মাধ্যমে নির্ধারণ করা রয়েছে। ম-৫৬ ব্যাচের সময় শুরু হওয়া এ প্রক্রিয়া ম-৫৮ ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের ডিউটি-রোস্টার নির্ধারণেও বাস্তবায়ন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) মমেক হাসপাতালের কনফারেন্স রুমে নবাগত ইন্টার্ন চিকিৎসকদের যোগদান উপলক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়।

হাসপাতালের পরিচালক, উপ-পরিচালক এবং মেডিসিন, সার্জারি ও গাইনি বিভাগের প্রধানদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশে লটারির মাধ্যমে চিকিৎসকরা নিজেদের ডিউটি-রোস্টার নির্ধারণ করেন।

অনুষ্ঠানটি আয়োজন ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নবাগত ইন্টার্ন ডা. মোহাম্মদ আলী জিন্নাহ ও তাঁর ব্যাচমেটরা। তাঁদের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে নবাগত ইন্টার্ন চিকিৎসকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

লটারির মাধ্যমে ডিউটি-রোস্টার বণ্টনের ফলে দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি নবাগত চিকিৎসকদের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ডিউটি-রোস্টার নির্ধারণে লটারির এই স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।