ডেঙ্গুতে ৪২তম বিসিএসের ডা. আঁচল রায়ের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২তম বিসিএসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আঁচল রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩০ বছর।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সকাল ৮টা ২০ মিনিটে স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহমুদ আলম তারেক মেডিভয়েসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আঁচল রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ জানান, অসুস্থ হওয়ার আগের দিনও রোগীদের সেবা দিয়েছেন ডা. আঁচল। এমনকি পরের দিন ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ডেঙ্গু তার প্রাণ কেড়ে নেয়।
বিপ্লব চন্দ্র দাস জানান, আঁচল চার দিন ধরে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পঞ্চম দিনে রক্তে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমে গেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে হাসপাতালে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসা দেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নোয়াখালী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন ডা. আঁচল রায়। তিনি ছিলেন এই মেডিকেলের ৭ম ব্যাচের শিক্ষার্থী। এর পর ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস পার্ট-১ ও এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন এই মেধাবী চিকিৎসক।
তার স্বামী বিপ্লব চন্দ্র দাসও পেশায় একজন চিকিৎসক। তিনি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে (নিপোর্ট) কর্মরত আছেন।
গত ১৭ মাস আগে ডা. বিপ্লব চন্দ্র দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আঁচল রায়ের কোনো সন্তান ছিল না।
ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আঁচল রায়ের বেড়ে ওঠা ঢাকায়। বাবা মনীশ রায় ও মা শ্রীমতি মিতা রায়ের সঙ্গে রাজধানীর খিলগাও সি ব্লকে থাকতেন তিনি। ৪২তম বিসিএসের মাধ্যমে তিনি সরকারি চাকরি শুরু করেন।
চিকিৎসক মহলে শোকের ছায়া
এই প্রশিক্ষণার্থী চিকিৎসকের মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রীর শোক
ডা. রায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শোকবার্তায় তিনি বলেন, ‘ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারালো। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমইউ/