দেশজুড়ে হাম-রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান শুরু, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া প্রায় ৩৪ লাখ শিশুকে সুরক্ষা দিতে দেশজুড়ে বিশেষ হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ অভিযান চলবে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
কর্মসূচির আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী (পাঁচ বছরের কম) বাদ পড়া শিশুদের টিকাদান করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে গত ১৩ সেপ্টেম্বর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে মাঠপর্যায়ের সব কার্যালয়ে একটি জরুরি নির্দেশনা পাঠানো হয়। সেখানে নিজ নিজ এলাকার হাম ও রুবেলার টিকা না পাওয়া ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুর সুনির্দিষ্ট তথ্য তিন দিনের মধ্যে জানাতে বলা হয়েছিল।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সারা দেশের বাদ পড়া শিশুদের রোগ টিকার আওতায় আনতেই সরকার এই বিশেষ নিয়েছে।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, এই শিশুরা গত ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত চলা হাম-রুবেলার টিকার মূল ক্যাম্পেইন থেকে বাদ পড়েছিল।
চলতি বছরের মার্চ মাসের শুরুতে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। ৭ মাস পার হলেও তা এখনো নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকেন্দ্রের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৩ জন শিশু মারা গেছেন। এ সময় হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১ হাজার ২০১ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।
চলতি বছর হাম ও উপসর্গে এখন পর্যন্ত ১ হাজার ৮৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন এবং নিশ্চিত হামে ১০১ জন মারা গেছে। এই সময় সারা দেশে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসে। আর নিশ্চিত হাম শনাক্ত হয় ২১ হাজার ১৫ জনের। শুক্রবার সারা দেশে ৫ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এমআর/