মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য চেয়ে ফের চিঠি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য জরুরি ভিত্তিতে পাঠাতে পুনরায় তাগিদ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব ইমতিয়াজ হোসেন স্বাক্ষরিতি এক চিঠিতে (তাগিদপত্র-২) বিষয়টি জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এ চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে ১১তম গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টের শূন্য পদে জনবল নিয়োগের ছাড়পত্র প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছিল। এজন্য নির্ধারিত ছকে নির্ভুল তথ্য প্রেরণের পাশাপাশি পদ সৃজনের মূল আদেশের কপি সংযুক্ত করে এবং প্রস্তাবিত পদগুলো ভিন্ন কালিতে চিহ্নিত করে মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, এর আগে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে এ সংক্রান্ত তথ্য পাঠানোর অনুরোধ জানিয়েছিল স্বাস্থ্য সেবা বিভাগ। কিন্তু দীর্ঘ সময়েও কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ায় একই বছরের ২৮ অক্টোবর প্রথম দফায় তাগিদপত্র ইস্যু করা হয়।
এরপরও অদ্যাবধি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় তথ্য না আসায় এবার দ্বিতীয় দফায় জরুরি তাগিদ দেওয়া হলো।
এ অবস্থায় আগের চিঠির আলোকে যাচিত তথ্যাদি জরুরিভিত্তিতে পাঠানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে পুনরায় অনুরোধ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে নির্ধারিত ছক ও পদ সৃজনের আদেশসহ পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পরই ১১তম গ্রেডের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র প্রদানের পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেএইচ/