বিএমইউর রেসিডেন্সি কোর্সে ভর্তির আবেদন ফি কমে ৫ হাজারে
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এমডি/এমএস কোর্সে ভর্তির আবেদন ফি কমানো হয়েছে। আগে সাত হাজার টাকা থাকলেও সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তিতে আবেদন ফি কমিয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে নতুন আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি।
রোববার (২০ সেপ্টেম্বর) বিএমইউর সংশোধিত ভর্তি বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল ৭ হাজার টাকা। পরে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে সংশোধিত বিজ্ঞপ্তিতে আবেদন ফি কমিয়ে ৫ হাজার টাকা করা হয়েছে।
এদিকে গত বছর রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নির্ধারিত ভর্তি ফি, টিউশন ফি ও পরীক্ষা ফি ১৫ শতাংশ হ্রাস করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিন্ধান্ত কার্যকর হয়।
আবেদন যেভাবে
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের মার্চ সেশনে এমডি/এমএস ফেজ-এ রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে প্রার্থীদের পাঁচ হাজার টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি দিতে হবে। নির্ধারিত ফি ‘Admission and Misc. Fund’-এর নামে পূবালী ব্যাংক পিএলসির শাহবাগ শাখার নির্দিষ্ট হিসাবে অনলাইনের যেকোনো শাখা থেকে জমা দিতে হবে।
মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস ও ডেন্টাল ফ্যাকাল্টির প্রার্থীদের জন্য ২০ সেপ্টেম্বর থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে। এরপর ২১ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে বিএমইউর ওয়েবসাইটে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
আবেদন সম্পন্ন করার সময় প্রার্থীকে ৫০০×৫০০ পিক্সেল আকারের সাম্প্রতিক রঙিন ছবি, ব্যাংক পেমেন্টের রসিদ এবং ৩০০×২০০ পিক্সেল আকারের স্বাক্ষর আপলোড করতে হবে। মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস ও ডেন্টাল ফ্যাকাল্টির প্রার্থীরা ২৫ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ডাউনলোড করতে পারবেন।
অন্যদিকে, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির জন্য আবেদন ফি জমা দেওয়ার সময় ৮ থেকে ২৫ নভেম্বর এবং অনলাইনে আবেদন ৯ থেকে ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এ বিভাগের প্রার্থীরা ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।
মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস ও ডেন্টাল ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা ৬ নভেম্বর ২০২৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২৬ বিএমইউতে অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমআর/