ছয় মাসে হাম ও উপসর্গে ১ হাজার ৪৪ জনের মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও আটজনের প্রাণহানি ঘটেছে এবং নতুন করে ৮১ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ছয় মাসে হাম ও এর উপসর্গে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেে এক হাজার ৪৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, আজ বুধবার (১৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সর্বোচ্চ তিনজন সিলেট বিভাগের বাসিন্দা। এ ছাড়া ঢাকা ও বরিশাল বিভাগে দুজন করে এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের শুরুতে সংক্রমণ শনাক্ত হওয়ার পর ফেব্রুয়ারির শেষভাগ থেকে রোগটি দেশজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৫ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে রোগটির পরিসংখ্যান সংরক্ষণ শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
সংশ্লিষ্টরা বলছেন, গত ২০ বছরে দেশে হামের এমন প্রাণঘাতী রূপ আর দেখা যায়নি; এর আগে ২০০৫ সালে সর্বোচ্চ ২৫ হাজারের বেশি শিশু আক্রান্ত হওয়ার রেকর্ড ছিল।
সরকারি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট এক হাজার ৪৪ জন মৃতের মধ্যে সরাসরি হাম নিশ্চিত হয়ে মারা গেছেন ১০০ জন এবং উপসর্গে মৃত্যু হয়েছে ৯৪৪ জনের। বিভাগওয়ারি হিসেবে সর্বোচ্চ ৪২৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট (১৬৫ জন), রাজশাহী (৯৩ জন), ময়মনসিংহ (৭৭ জন), চট্টগ্রাম (৭১ জন), বরিশাল (৫৯ জন), খুলনা (৪০ জন) এবং রংপুর বিভাগ (১৪ জন)।
এদিকে গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে এক হাজার ২৩৯ জন চিকিৎসা নিতে এসেছেন, যাদের মধ্যে এক হাজার ১৪১ জনকে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তিদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৭, চট্টগ্রামে ২৭১, সিলেটে ১৯৩, বরিশালে ১০৮, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ২৫ এবং রংপুরে ১৭ জন রয়েছেন।
বর্তমানে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৫ হাজার ১৯৮ জনে, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ২০ হাজার ২৮২ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট এক লাখ ৫৪ হাজার ৪২০ জন রোগীর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।
জেএইচ/