১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:৩৫ পিএম

আইসিডিডিআর,বির সেবায় মুগ্ধ রোগীর স্বজন, অভিযোগ বাক্সে দিলেন প্রশংসাপত্র

আইসিডিডিআর,বির সেবায় মুগ্ধ রোগীর স্বজন, অভিযোগ বাক্সে দিলেন প্রশংসাপত্র
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীর দ্রুত চিকিৎসাসেবা ও হাসপাতালের চিকিৎসক-নার্সদের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন তার স্বজন। চিকিৎসাসেবা শেষে হাসপাতাল ছাড়ার আগে অভিযোগ ও পরামর্শ বাক্সে দুই পৃষ্ঠাজুড়ে নিজের অভিজ্ঞতা লিখে তিনি বলেন, ‘হাসপাতালের পরিবেশের কারণে কখনো যেতে চাইতাম না, সেই আমার এখান থেকে বের হতে মন চাচ্ছে না।’

মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ঢাকা হাসপাতালে গুরুতর অসুস্থ এক বন্ধুকে নিয়ে এসে এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন মধ্য বাড্ডার বাসিন্দা মো. মাসউদুর রহমান। বন্ধুর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বিদায় নেওয়ার আগে অভিযোগ ও পরামর্শ বাক্সে দুই পৃষ্ঠাজুড়ে নিজের অভিজ্ঞতা লিখে যান তিনি।

লিখিত বক্তব্যে মাসউদুর রহমান জানান, হঠাৎ তাঁর এক বন্ধু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ফার্মেসি থেকে প্রাথমিক কিছু ওষুধ এনে খাওয়ানো হলেও কোনো উন্নতি হয়নি। পরে কয়েকজন মহাখালী কলেরা হাসপাতালে (আইসিডিডিআর,বি  হাসপাতাল)  নেওয়ার পরামর্শ দেন। এরপর একটি সিএনজি ভাড়া করে তাঁকে আইসিডিডিআর,বি ঢাকা হাসপাতালের গেটে নিয়ে আসেন তারা।

মাসউদুর রহমানের ভাষ্য, হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখানকার কর্মীরা দ্রুত এগিয়ে আসেন। তাঁর বন্ধুকে নামিয়ে দ্রুত স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়। তখনো তাঁর টিকিটের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। এরপর সময় যত গড়িয়েছে, হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের আন্তরিকতা, সেবার মান এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তাঁকে মুগ্ধ করেছে।

নিজের লিখিত বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, হাসপাতালের পরিবেশের কারণে আগে কখনো হাসপাতালে যেতে চাইতেন না। কিন্তু আইসিডিডিআর,বি ঢাকা হাসপাতালে এসে তাঁর সেই ধারণা বদলে গেছে।

‘শেষ কথা যে আমি হাসপাতাল পরিবেশের কারণে কখনো যেতে চাইতাম না, সেই আমার এখান থেকে বের হতে মন চাচ্ছে না’—লিখেন মাসউদুর রহমান।

তিনি তাঁর লেখায় হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। বিশেষ করে সংকটময় মুহূর্তে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং পুরো চিকিৎসাপ্রক্রিয়ায় আন্তরিকতার সঙ্গে পাশে থাকার বিষয়টি তিনি তুলে ধরেন।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মাসউদুর রহমানের এমন আন্তরিক অভিজ্ঞতা শেয়ার করার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, রোগী ও তাঁদের স্বজনদের ইতিবাচক প্রতিক্রিয়া হাসপাতালের কর্মীদের আরও যত্ন, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে অনুপ্রাণিত করে।

এমআর/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক