প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটিকে বরাদ্দ ২০ কোটি টাকা
মেডিভয়েস রিপোর্ট: নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের ১৩টি সিটি করপোরেশনের অনুকূলে মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার। চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেট থেকে এই অর্থ ছাড় করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়, পরিচালন বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ সিটি করপোরেশনগুলোর অনুকূলে এই ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ‘আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা’ বাবদ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও প্রযোজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে।
বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি)।
এ ছাড়া অন্যান্য সিটির মধ্যে গাজীপুর সিটি করপোরেশন ২ কোটি ২৮ লাখ টাকা, চট্টগ্রাম সিটি করপোরেশন ২ কোটি টাকা, বগুড়া সিটি করপোরেশন ১ কোটি ৭৫ লাখ টাকা এবং রাজশাহী সিটি করপোরেশন ১ কোটি ২ লাখ টাকা পেয়েছে।
বাকি সিটি করপোরেশনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ ৭৩ লাখ টাকা, বরিশাল ৭২ লাখ টাকা, ময়মনসিংহ ৬৫ লাখ টাকা, খুলনা ৬০ লাখ টাকা, কুমিল্লা ৫২ লাখ টাকা, রংপুর ৫২ লাখ টাকা এবং সিলেট সিটি করপোরেশন পেয়েছে ৩২ লাখ টাকা।
সরকারি আদেশ অনুযায়ী, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী অর্থের বিভাজন অনুমোদনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও অফিসের সঙ্গে সংগতি সাধন করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলে আদেশে সতর্ক করা হয়েছে।
জেএইচ/