ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপকে সমর্থন করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক প্রধান নির্বাচনে মালদ্বীপের প্রার্থীকে বাংলাদেশ সমর্থন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদে সায়মা ওয়াজেদ পুতুল দায়িত্ব পালন করছিলেন। গত সপ্তাহে তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন। আগামী বছরের জানুয়ারি মাসে এ পদে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সায়মা ওয়াজেদের নিয়োগের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওই পদে নিয়োগের জন্য তার যথাযথ অভিজ্ঞতা ও গ্রহণযোগ্য যোগ্যতা ছিল না। তার নিয়োগ প্রক্রিয়াটিও ত্রুটিপূর্ণ ছিল বলে মন্তব্য করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, ‘তার অ্যাপয়েন্টমেন্টটাই ছিল দুঃখজনক এই ধরনের সংস্থাতে। তার কোনো ক্রেডিবল কোয়ালিফিকেশন ছিল না। এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না।’
তিনি আরও বলেন, ‘ওখানে গিয়ে চাপাবাজি করে ভোট দিয়ে কোনো রকম হয়ে গেছে। এগুলো তো বের হয়ে আসবেই।’
ডব্লিউএইচওর মতো আন্তর্জাতিক সংস্থায় এ ধরনের নিয়োগকে লজ্জাজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু কোনো পরিবারের সঙ্গে সম্পর্ক থাকার কারণে কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়। আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়োগ প্রক্রিয়া আরও কঠোর করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
এইউ/