০২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০৯ পিএম

দেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি সম্পন্ন

দেশে প্রথমবারের মতো রোবোটিক সার্জারি সম্পন্ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের চিকিৎসাখাতে নতুন মাইলফলক স্থাপন করেছে ঢাকার মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড হেলথকেয়ার। সোমবার (৩১ আগস্ট) প্রতিষ্ঠানটিতে সফলভাবে দেশের প্রথম রোবোটিক সার্জারি সম্পন্ন হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইউনাইটেড হেলথকেয়ারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রোবোটিক সার্জারির সাফল্য, অভিজ্ঞতা এবং দেশে এ প্রযুক্তির ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোবোটিক প্রযুক্তির মাধ্যমে প্রথম দফায় ৫৭ বছর বয়সী এক পুরুষ রোগীর পিত্তথলিতে পাথরের চিকিৎসায় ‘রোবোটিক কোলেসিস্টেকটমি’ এবং ৪৫ বছর বয়সী এক নারীর অস্বাভাবিক জরায়ু রক্তক্ষরণের চিকিৎসায় ‘রোবোটিক হিস্টেরেকটমি’ করা হয়।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন ও অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী)-র নেতৃত্বে একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম ‘মেডবুট টিউমাই ইনডোসকপিক সার্জিক্যাল রোবট’-এর সহায়তায় অস্ত্রোপচার দুটি পরিচালনা করেন।

সফল অস্ত্রোপচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. রফিকুস সালেহীন জানান, রোবোটিক সার্জারিতে চিকিৎসকরা শরীরের ভেতরের অংশ ত্রিমাত্রিকভাবে (থ্রি-ডি) স্পষ্টভাবে দেখতে পান। এতে রোবোটিক আর্ম ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে খুব সংকীর্ণ স্থানেও সুক্ষ্মভাবে কাজ করা যায়। ফলে রোগীর কাটাছেঁড়া ও রক্তক্ষরণ অনেক কম হয় এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার সুযোগ থাকে।

প্রধান সার্জন অধ্যাপক ডা. সামছাদ জাহান (শেলী) বলেন, ভবিষ্যতে কার্ডিয়াক, নিউরো, ইউরোলজি, গাইনোকোলজি ও থোরাসিক সার্জারিতেও এই প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো, দেশের মাটিতেই বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করা, যাতে রোগীদের বিদেশে যেতে না হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কিউ. এম. মোহসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিসেসের পরিচালক ডা. আজহারুল ইসলাম খান এবং সংশ্লিষ্ট বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এ ধরনের সর্বাধুনিক প্রযুক্তি দেশে সহজলভ্য হলে চিকিৎসার জন্য বিদেশগামী রোগীদের প্রবণতা কমবে। ফলে একদিকে রোগীরা নিজ দেশেই বিশ্বমানের সেবা পাবেন, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক