পটুয়াখালীতে উচ্চ দামে সার বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা
মেডিভয়েস রিপোর্ট: পটুয়াখালীর বাউফল উপজেলার বগা বন্দর বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স আঁখি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং মেসার্স হারুন স্টোর ও কবির হোসেনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, কৃষকদের অভিযোগের ভিত্তিতে সার বেশি দামে বিক্রির বিষয়টি যাচাই করতে কৃষককে ক্রেতা হিসেবে পাঠিয়ে সার কেনানো হয়।
এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়। অভিযুক্ত তিন বিক্রেতার মধ্যে একজন বিসিআইসি মূল ডিলার এবং দুজন খুচরা ডিলার।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ মিলুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন ও বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, কৃষক যাতে সরকার নির্ধারিত মূল্যে সার পান, তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচ/
-
২৮ অগাস্ট, ২০২৬
-
১৮ মার্চ, ২০২৫
-
০২ অক্টোবর, ২০২৪
-
৩১ অগাস্ট, ২০২৪