২৮ অগাস্ট, ২০২৬ ০৪:০৯ পিএম

দেশে অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের

দেশে অব্যবহৃত ২৪ ট্রমা সেন্টার চালুর উদ্যোগ সরকারের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দুর্ঘটনাস্থলের কাছাকাছি জরুরি চিকিৎসাসেবা দিতে গুরুত্বপূর্ণ মহাসড়কের পাশে নির্মিত দীর্ঘদিনের অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

দীর্ঘদিন পড়ে থাকা এসব প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করে 'অ্যাকসিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেন্টার' নামে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য লজিস্টিকস নিশ্চিত করে ২৪টি কেন্দ্রেই পর্যায়ক্রমে চিকিৎসাসেবা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বৈঠকে এসব কেন্দ্র চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী গণমাধ্যমকে বলেন, 'ট্রমা সেন্টার চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা এসেছে। দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে। ২৪টি সেন্টার আধুনিকায়ন করা হবে এবং প্রয়োজনীয় জনবল দেওয়া হবে।'

সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসা দিতে এসব কেন্দ্র নির্মাণ করা হয়েছিল। বিশেষ করে মাথা, বুক, মেরুদণ্ড ও হাড়ে গুরুতর আঘাত পাওয়া রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার কথা ছিল এসব কেন্দ্রে।

শুধু ট্রমা সেন্টারগুলোর তালা খুলে দিলেই সেগুলো কার্যকরভাবে চালু হবে না বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল। বলেন, আগে প্রতিটি কেন্দ্রে কী ধরনের এবং কতজন চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্ট প্রয়োজন, তা নির্ধারণ করতে হবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে এসব জনবল নিয়োগ বা পদায়ন করা সম্ভব কি না, সেটিও নিশ্চিত করতে হবে সরকারকে।

তিনি বলেন, সড়ক পরিবহন মন্ত্রণালয় সম্প্রতি অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল অ্যাম্বুলেন্স চালুর পরিকল্পনার কথা জানিয়েছে। এসব সেবা স্বাস্থ্য বিভাগের ট্রমা সেন্টারগুলোর সঙ্গে যথাযথভাবে সমন্বয় করা না হলে এ উদ্যোগ কাঙ্ক্ষিত ফল দেবে না।

শুধু ট্রমা সেন্টারগুলো পুনরায় চালু করলেই সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা কমে যাবে—এমনটা মনে করা ভুল হবে বলেও মন্তব্য করেন এই বিশেষজ্ঞ।

তিনি আরও বলেন, 'তবে এসব কেন্দ্র দ্রুত জরুরি চিকিৎসাসেবা দিয়ে মানুষের জীবন বাঁচাতে সহায়তা করতে পারে। কিন্তু দুর্ঘটনা কমাতে সড়ক নিরাপত্তা, বেপরোয়া গাড়ি চালানো, ক্লান্ত চালকদের কারণে তৈরি হওয়া ঝুঁকি এবং ট্রাফিক ব্যবস্থাপনাসহ মৌলিক বিষয়গুলোরও সমাধান করতে হবে।'

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক