ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এক দিনে হাসপাতালে ৮৬৮
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ২৪৮ জনে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৮৮ জন।
আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। এ দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৫০ জন।
বিভাগভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। গত এক দিনে এ বিভাগে ২০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালে ১১০ জন, চট্টগ্রামে ১০৯ জন, রাজশাহীতে ৭৩ জন, ময়মনসিংহে ৩৮ জন এবং রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুর সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব দেখা যায়। ওই বছর তিন লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই বছর এ রোগে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এর পরের বছরও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত ছিল। ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রায় এক লাখ দুই হাজার মানুষ।
চলতি বছর বর্ষা মৌসুমের সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ রয়েছে। এ অবস্থায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
এনএইচ/