ময়মনসিংহে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর করায় ছাত্রদল নেতা বহিষ্কার, গ্রেপ্তার ১
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহে পাঁচ লাখ টাকা চাঁদা না দেয়ায় ভেটেরিনারি চিকিৎসককে মারধরের অভিযোগে উঠছে ছাত্রদল নেতা বিরুদ্ধে। তিনজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী চিকিৎসক ডা. আশিকুর রহমান। এ ঘটনায় সেজুতি নামের এক নারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় পোষা বিড়ালের মৃত্যুর কারণ দেখিয়ে লাথি-জুতাপেটা, ভাংচুর ও লুটপাট করার ঘটনায় তালহাজুর রহমান প্রতীক নামে মহানগর ছাত্রদলের এই যুগ্ম সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, ডা. আশিকুর রহমান ময়মনসিংহ জেলা স্কুলের পাশের ডক্টর’স পেট কেয়ার নামক ব্যক্তিগত চেম্বারে মারধরের শিকার হন। এ সময় তাকে লাথি, কিল-ঘুসি মারার পাশাপামি জুতাপেটাও করা হয়। এ ছাড়া রড দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই চিকিৎসক।
শনিবার (২২ আগস্ট) কোতোয়ালি মডেল থানায় এই অভিযোগ দেন ডা. আশিক। এতে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি এবং সাকিবুল হাসানের নাম রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসা রয়েছেন আরও চার-পাঁচজন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটেও নিজ চেম্বারে বসে সামনে থাকা কারো সঙ্গে কথা বলছিলেন ডা. আশিক। এ সময় এক নারী (সেঁজুতি) তার পাশে গিয়ে অতর্কিতে তাকে জুতা দিয়ে পেটাতে শুরু করেন। মারধরের সময় ওই নারী উত্তেজিত অবস্থায় চিকিৎসককে কিছু বলছিলেন। ঘটনার সময় ওই চিকিৎসক ছাড়া কক্ষে আরও সাত জন ছিলেন।
সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, ওই নারী চিকিৎসককে অন্তত ১৪ বার জুতা দিয়ে আঘাত করেন। এক পর্যায়ে উপস্থিত আরেক যুবক (প্রতীক) গিয়ে চিকিৎসককে কিল-ঘুসি মারতে থাকেন। পরে ওই নারী পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন পুরুষ ও নারীকে মারধরের চেষ্টা করেন।
থানায় দেওয়া অভিযোগপত্রে ভুক্তভোগী চিকিৎসক বলেছেন, দীর্ঘদিন ধরে তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। বৃহস্পতিবার (২০ আগস্ট) চেম্বারে এসে চাঁদার জন্য চাপ দেওয়া হলে তিনি প্রতিবাদ করেন। এরপর সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়।
তাকে রক্ষা করতে এগিয়ে এলে চেম্বারের কর্মী ঈশান আহমেদ, তার স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয় বলে অভিযোগ করেন আশিকুর। তার দাবি, হামলার পর চেম্বারের ক্যাশ বাক্স থেকে তিন লাখ ২০ হাজার ১৫০ টাকা নিয়ে যাওয়া হয়। এ ছাড়া চেম্বারের মালামাল ভাঙচুর করে প্রায় এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে সাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, গত ১৭ আগস্ট একটি গর্ভবতী পারশিয়ান বিড়ালের ‘স্নো’ পরীক্ষার জন্য সেঁজুতি কেওয়াটখালীর ভেটেরিনারি চিকিৎসক ডা. আব্দুল হান্নানের কাছে রেখে যান। সেখানে বিড়ালটি মারা যায়। পরদিন ফোন করে তারা বিষয়টি জানতে পারেন।
সাকিবের দাবি, বিড়ালের মৃত্যুর ঘটনা নিয়ে ফেসবুকে লেখালেখি হলে আশিকুর রহমান ভুয়া ফেইসবুকে আইডি থেকে সেঁজুতিকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ কারণেই আশিকুরকে মারধর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় তারাও থানায় অভিযোগ করেছেন বলে জানান সাকিবুল। তবে সাকিবুলদের কোনো অভিযোগ থানায় পাওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।
হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে প্রাইভেট সেক্টরে কর্মরত ভেটেরিনারিয়ানদের সংগঠন প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ। বিবৃতিতে বলা হয়, একজন চিকিৎসক তার কর্মস্থলে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে পেশাগত দায়িত্ব পালন করবেন—এটি তার মৌলিক অধিকার। কোনো ব্যক্তি বা পক্ষের অভিযোগ, মতবিরোধ কিংবা অসন্তোষ থাকলে তা অবশ্যই আইনানুগ ও শান্তিপূর্ণ উপায়ে সমাধানযোগ্য। কিন্তু কোনো অবস্থাতেই চিকিৎসকের কর্মস্থলে হামলা, ভাঙচুর, হুমকি বা ভয়ভীতি প্রদর্শন গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে কয়েকটি দাবি জানানো হয়। এগুলো হলো—ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করতে হবে, হামলা, ভাঙচুর ও ক্ষতিসাধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে, ক্ষতিগ্রস্ত চিকিৎসক ও তাদের চেম্বারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ক্ষয়ক্ষতি নিরূপণ করে আইনানুগ প্রতিকার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে ভেটেরিনারিয়ানদের কর্মস্থলে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম মেডিভয়েসকে বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আজ ভোর রাতে সেজুতি নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বহিস্কৃত ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীক ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘মামলায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করা হয়নি। তিনি পলাতক, তবে আমরা খুজছি।’
সমহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় গণমাধ্যমকে বলেন, ঘটনার পর তালহাজুর রহমান প্রতীককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এমআই/
-
১৬ অগাস্ট, ২০২৬