২২ অগাস্ট, ২০২৬ ০৫:২৮ পিএম

ডা. আসাদুর রহমানের উপর হামলার বিচার দাবিতে ঢামেক ছাত্রদলের স্বারকলিপি

ডা. আসাদুর রহমানের উপর হামলার বিচার দাবিতে ঢামেক ছাত্রদলের স্বারকলিপি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে স্বারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ছাত্রদলের ঢামেক শাখার আহ্বায়ক আবদুল্লাহ আর রায়হান এবং সদস্য সচিব মেশকাত শরীফ ভূঁইয়া স্বাক্ষরিত এ স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে বলা হয়েছে, ‘ঢামেকের ইএনটি ও হেড-নেক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের উপর সংঘটিত হামলার ঘটনায় আমরা ঢামেক শাখা ছাত্রদলের পক্ষ থেকে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

এতে বলা হয়, ‘একজন জ্যেষ্ঠ চিকিৎসক ও শিক্ষককে এভাবে হামলার শিকার হওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।’

ঢামেক ছাত্রদলের পাঁচ দফা দাবি

ঢামেক ছাত্রদলের পক্ষ থেকে অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের উপর হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি জানানো হয়েছে এবং হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

একইসাথে এ যাবৎ সংঘটিত সকল চিকিৎসক নির্যাতন ও হামলার ঘটনা দ্রুত তদন্ত করে প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানসহ দেশের সকল চিকিৎসকের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন দ্রুত সংসদে উত্থাপন ও পাস করতে হবে এবং ভবিষ্যতে কোনো চিকিৎসক বা স্বাস্থ্যসেবা কর্মীর উপর হামলার পুনরাবৃত্তি রোধে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত