২২ অগাস্ট, ২০২৬ ০৫:১০ পিএম

ডা. আসাদুর রহমানের ওপর হামলা: স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের প্রতিবাদ

ডা. আসাদুর রহমানের ওপর হামলা: স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

আজ শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই আয়োজিত মানববন্ধনে এই আহ্বান জানায় তারা।

সংগঠনটির নেতারা বলেন, কর্মস্থলে একজন দায়িত্বশীল চিকিৎসকের ওপর হামলা শুধু ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি চিকিৎসকদের নিরাপত্তা, হাসপাতালের কর্মপরিবেশ এবং দেশের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সরাসরি আঘাত।

বিসিএস বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম নেতৃবৃন্দ বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নানা প্রতিকূলতার মধ্যেও প্রতিদিন মানুষের জীবন রক্ষায় দায়িত্ব পালন করছেন। কিন্তু কর্মস্থলে হামলা, হুমকি ও হয়রানির ঘটনা তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এর নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত রোগীসেবা ও স্বাস্থ্যব্যবস্থার ওপর পড়ছে।

ফোরামের তিন দফা দাবি

চিকিৎসক-স্বাস্থ্যসেবাকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে অনুষ্ঠানে তিন দফা দাবি তুলে ধরেন বক্তারা। বলেন, অধ্যাপক ডা. মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এজন্য জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ স্থানে কার্যকর নিরাপত্তাব্যবস্থা, নিয়ন্ত্রিত প্রবেশ, প্রয়োজনীয় নিরাপত্তাকর্মী, সিসিটিভি এবং জরুরি নিরাপত্তা সহায়তা ব্যবস্থা চালুর কথা বলা সংগঠনটি।

চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণেরও দাবি জানিয়েছে বিসিএস বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম।

এ ছাড়াও চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কার্যকর ও বাধ্যতামূলক জাতীয় ‘হেলথকেয়ার ওয়ার্কার সেফটি পলিসি/গাইডলাইন’ প্রণয়ন, পরিপত্র বা প্রজ্ঞাপন জারি এবং তা দেশের সব সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, ওই নীতিমালায় হাসপাতালের নিরাপত্তা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আচরণবিধি, হামলা বা হুমকির ঘটনায় তাৎক্ষণিক করণীয় এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। পাশাপাশি এসব নির্দেশনা প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।

রোগী বা স্বজনদের কোনো অভিযোগ থাকলে তা নির্ধারিত প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তির আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, কোনো অবস্থাতেই অভিযোগের নামে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর ওপর হামলা, হুমকি, হয়রানি কিংবা ভাঙচুর গ্রহণযোগ্য নয়।

সরকারের প্রতি আহ্বান

বিসিএস বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম বলেছে, চিকিৎসকদের নিরাপত্তা কোনো ব্যক্তিগত সুবিধা বা বিশেষ দাবি নয়; এটি একটি কার্যকর স্বাস্থ্যব্যবস্থার মৌলিক শর্ত। ‘নিরাপদ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মানেই নিরাপদ রোগীসেবা’—এমন মন্তব্য করে সংগঠনটি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

অনুষ্ঠানে চিকিৎসকদের ওপর হামলা বন্ধ, হাসপাতালকে নিরাপদ কর্মস্থলে পরিণত করা, জাতীয় নিরাপত্তা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এবং প্রতিটি হাসপাতালে নিরাপত্তা নির্দেশনা পরিপত্র আকারে জারি ও দৃশ্যমান স্থানে প্রদর্শনের দাবি জানানো হয়।

এ ছাড়া অধ্যাপক ডা. মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিসিএস বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম জানিয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের যেকোনো কার্যকর ও বাস্তবমুখী উদ্যোগে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম রফিক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. মো. জহিরুল ইসলাম শাকিল, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন এবং কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ সাফায়াত কামাল।

এ ছাড়া ঢামেকসহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত