বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের সুযোগ সুবিধা বাড়ানোর লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম।
সভায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. আলাউল কবির দিপুসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের বর্তমান চিকিৎসাসেবা, রোগীদের বিভিন্ন সুবিধা, অবকাঠামোগত সমস্যা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের বিষয়ে আলোচনা করা হয়। রোগ নির্ণয়ের সক্ষমতা বাড়াতে হাসপাতালটিতে একটি ইকো মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
এ ছাড়া ডেঙ্গু, হামসহ বিভিন্ন সংক্রামক রোগের পরিস্থিতি নিয়েও সভায় আলোচনা হয়। এসব রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এনএইচ/