‘গ্রামাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে ‘হেলথ হাব’ গড়ে তোলার পরিকল্পনা সরকারের’
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গ্রামের মানুষ যেন চিকিৎসার জন্য শহরে ছুটে যেতে বাধ্য না হন, সে জন্য স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যেই গ্রামাঞ্চলে ‘হেলথ হাব’ গড়ে তোলার বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আজ রোববার (৮ আগস্ট) সকালে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এসময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চরম অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবার নাজুক পরিস্থিতি সরেজমিনে প্রত্যক্ষ করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। এ সময় দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীনকে তাৎক্ষণিকভাবে 'স্ট্যান্ড রিলিজ'-এর নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের প্রশাসনিক ও সেবামূলক বিভিন্ন দুর্বলতা সরেজমিনে প্রত্যক্ষ করে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেন মন্ত্রী। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে দেশের স্বাস্থ্য খাতের দিকে নজর না দেওয়ায় বর্তমানে এর ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছে। ওই সময়ে অতিরিক্ত দামে চিকিৎসা সরঞ্জাম কিনে সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনার নানা দুর্বলতা সামনে আসে। সরকারি এ স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নও উঠেছে। স্বাস্থ্যমন্ত্রীর এমন কঠোর অবস্থানে জেলার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দায়িত্বশীলদের জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এমআই/