৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
মেডিভয়েস রিপোর্ট: ৫০০ শয্যাবিশিষ্ট কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শুক্রবার (৭ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মুজিবুর হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সংসদ সদস্য আলমগীর মুহাম্মাদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এবং কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বিস্তৃত হবে। একই সঙ্গে এটি চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ চিকিৎসক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে ইভটিজিং প্রতিরোধে কড়া হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে ইভটিজিংয়ের কথা বলা হয়েছে। আমি এসপি সাহেবকে নির্দেশ দিচ্ছি—তিনি যেন অপরাধীদের কঠোর হস্তে দমন করেন, পাশাপাশি তাৎক্ষণিক পুলিশ বক্স স্থাপন ও সর্বক্ষণ আনসার নিয়োগের ব্যবস্থা করেন।’
হাসপাতালটির যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে তিনি আরও বলেন, ‘আপনাদের হাসপাতালে যাতায়াতের জন্য আমি ৪টি বাস ও ২টি মাইক্রোবাস দেওয়ার আশ্বাস দিচ্ছি। যদিও বিষয়টি এখনই শতভাগ পাকা বলছি না, তবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যেন এগুলোর দ্রুত ব্যবস্থা করা যায়।’
এ ছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় স্থানীয় শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি অবৈধ দখলদাররা বাউন্ডারি ওয়াল নির্মাণে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তবে শিক্ষার্থীদেরই ঐক্যবদ্ধভাবে তা রুখে দাঁড়াতে হবে।’
উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জেএইচ/