০৬ অগাস্ট, ২০২৬ ০৪:৩৩ পিএম

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স দিল জকসু

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স দিল জকসু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভবনের সামনে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিনের কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়।

জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে শিক্ষার্থীদের কাছে জকসুর পক্ষ থেকে প্রতিশ্রুতি ছিল, নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রক্টর, পরিবহন প্রশাসক ও ছাত্রকল্যাণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে জকসুর শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে হামলার ঘটনা নিন্দনীয়।

তিনি বলেন, হাসপাতালে শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে, তা নিয়ে জকসুর পক্ষ থেকে উপাচার্যের কাছে স্মারকলিপি ও বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।

এ সময় জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা, বরাদ্দকৃত ২০ কোটি টাকা দিয়ে চলতি বছর এক হাজার ৬০০ শিক্ষার্থীর জন্য অস্থায়ী আবাসন নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে একজন চিকিৎসক ও একজন টেকনিশিয়ান নিয়োগ দেওয়া।

জকসু নেতারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, পরিবহন প্রশাসক তারেক বিন আতিক, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমাদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা।

এ সময় সাম্প্রতিক হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান জকসুর নেতারা।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত