০৪ অগাস্ট, ২০২৬ ০৬:৩৮ পিএম

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চার ইউনিট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সাতক্ষীরা জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান 'ব্লিস' হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে হাসপাতাল ভবনের ভেতর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা গেলে রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চালানো হয়।

হাসপাতালের পরিচালক আবুল হাসান গণমাধ্যমকে জানান, ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। রোগীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের দ্রুত বের করে আনার ব্যবস্থা করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চারটি ইউনিটের সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালের বিভিন্ন অংশে এখনো ঘন ধোঁয়া রয়েছে। ফলে উদ্ধারকাজ ও পরিস্থিতি স্বাভাবিক করতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

অগ্নিকাণ্ডে আহত রোগী ও তাদের স্বজনদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ওসি মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে হাসপাতালের ভেতরে এখনো ধোঁয়া থাকায় উদ্ধারকাজ সতর্কতার সঙ্গে চালানো হচ্ছে এবং আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক