শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন বোর্ড অব গভর্নরস গঠন
মেডিভয়েস রিপোর্ট: মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের নতুন বোর্ড অব গভর্নরস গঠন করেছে সরকার। শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট আইন, ২০০২-এর ৬ নম্বর ধারা অনুযায়ী গঠিত এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন বোর্ডে পদাধিকারবলে সদস্য হিসেবে থাকবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সচিব/সচিব, অর্থ বিভাগের সিনিয়র সচিব/সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক।
এ ছাড়া সরকার মনোনীত সদস্য হিসেবে রয়েছেন দুইজন সংসদ সদস্য—ডা. সানসিলা জেবরিন ও মাহমুদা হাবীবা। প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক ডা. মো. সফিকুল ইসলাম এবং স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক ডা. ফাহমিদা নাজ মুস্তাফাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু ও মাতৃস্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে জ্ঞানসম্পন্ন ব্যক্তি হিসেবে পুষ্টিবিদ রেহানা ফেরদৌসী ও ড. শায়লা নাসরিনকে বোর্ডের সদস্য করা হয়েছে। ইনস্টিটিউটের কর্মকর্তাদের মধ্য থেকে জ্যেষ্ঠতম মেডিকেল অফিসার হিসেবে ডা. মোহাম্মদ আহসানুল হক সদস্য মনোনীত হয়েছেন। ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক বোর্ডের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গঠিত বোর্ড ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিচালনা ও প্রশাসনিক দায়িত্ব পালন করবে এবং সরকারের জারি করা নির্দেশনা অনুসরণ করবে।
এতে আরও বলা হয়, সরকার মনোনীত সদস্যরা মনোনয়নের তারিখ থেকে তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তবে সরকার প্রয়োজনবোধে মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো কারণ দর্শানো ছাড়াই তাদের অব্যাহতি দিতে পারবে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রকাশের তারিখ থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।
এমআর/