০৩ অগাস্ট, ২০২৬ ০৯:৫৮ পিএম

সংক্রামক রোগ নিয়ে গবেষণার জন্য বিডিআই’র সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

সংক্রামক রোগ নিয়ে গবেষণার জন্য বিডিআই’র সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সংক্রামক রোগ নিয়ে গবেষণা, টিকা উন্নয়ন এবং বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (বিডিআই) ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. ফিরদৌসী কাদরী।

আজ সোমবার (৩ আগস্ট) আইসিডিডিআর,বি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানায়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিডিআই’র আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ড. ফিরদৌসী কাদরীর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। একই সম্মেলনে তিনি একটি বিশেষ কি-নোট বক্তব্যও উপস্থাপন করবেন।

বিডিআই ২০১২ সাল থেকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা দিয়ে আসছে।

ড. ফিরদৌসী কাদরী প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে কলেরার সাশ্রয়ী টিকা উন্নয়ন নিয়ে গবেষণা করে আসছেন। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী এবং রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কলেরা ও ডায়রিয়াজনিত রোগ প্রতিরোধে তার গবেষণা ও টিকাদান কর্মসূচি আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে।

এ ছাড়া ইটিইসি, টাইফয়েড, হেলিকোব্যাকটার পাইলোরি, রোটা ভাইরাস ও মিউকোসাল ইমিউনোলজি বিষয়েও তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ।

পড়াশোনা

শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ফিরদৌসী কাদরী। এর পর ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে আইসিডিডিআর,বিতে সহযোগী বিজ্ঞানী হিসেবে যোগ দিয়ে বর্তমানে প্রতিষ্ঠানটির মিউকোসাল ইমিউনোলজি ও ভ্যাকসিনোলজি ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বীকৃতি

গবেষণায় অনন্য অবদানের জন্য ড. ফিরদৌসী কাদরী ২০২১ সালে এশিয়ার মর্যাদাপূর্ণ রামোন ম্যাগসেসে পুরস্কার এবং ল’রিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড লাভ করেন।

এ ছাড়া ২০২৩ সালে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া বাংলাদেশ বিজ্ঞান একাডেমির গোল্ড মেডেল, ক্রিস্টোফ মেরিএউক্স পুরস্কার এবং সি. এন. রাও পুরস্কারসহ দেশি-বিদেশি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

এমআর/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

  এই বিভাগের সর্বাধিক পঠিত