রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে সিসিইউ ইউনিটের বর্ষপূর্তি উদযাপন
মেডিভয়েস রিপোর্ট: রাজশাহীর স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এক বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে রোববার (২ আগষ্ট) হাসপাতালের কনফারেন্স হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডা. সাদিয়া জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা. কাজী মোহাম্মদ আব্দুল আওয়াল।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এম. এ. খালেক বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর সিসিইউ ইউনিটের যাত্রা শুরু হয়েছিল। দেখতে দেখতে এরই মধ্যে একটি বছর পার হয়েছে। এই সময়ে ইউনিটটি হৃদরোগে আক্রান্ত অসংখ্য রোগীকে জরুরি ও আধুনিক চিকিৎসাসেবা দিয়ে রাজশাহী অঞ্চলের মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। তিনি সিসিইউ-এর গত এক বছরের সাফল্য, অর্জন ও রোগীসেবার মান নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তারা সিসিইউ ইউনিটের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর নিষ্ঠা ও আন্তরিকতার প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সিসিইউ ইউনিটের মেডিকেল অফিসার ডা. ইমরুল আজাদ রাজু অ্যাকিউট করোনারি সিনড্রোম (এ-সি-এস) বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মতিউর রহমান, নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সামিনা শারমিন এবং হাসপাতালের সহকারী প্রশাসনিক কর্মকর্তা সাইফুল আলম।
এর আগে কেক কেটে সিসিইউ ইউনিটের এক বছর পূর্তি উদযাপনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর/