০৩ অগাস্ট, ২০২৬ ০১:১৬ পিএম

বান্দরবানে স্বাস্থ্য বিভাগের সংকট নিরসনের দাবিতে মানববন্ধন

বান্দরবানে স্বাস্থ্য বিভাগের সংকট নিরসনের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের বৃহত্তর বিভাগ চট্টগ্রামের বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের সংকট এবং হাম আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য জেলার ছাত্র-জনতার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বান্দরবানের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, স্বাস্থ্য বিভাগে দীর্ঘদিন ধরে অনিয়ম ও অব্যবস্থাপনা চলছে। এর প্রভাব সাধারণ মানুষের চিকিৎসাসেবায় পড়ছে। বিশেষ করে জেলার বিভিন্ন উপজেলায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন তারা।

বক্তারা অভিযোগ করেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্বহীনতার কারণে স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে নানা সংকট তৈরি হয়েছে। এ সময় তারা দ্রুত পার্বত্য জেলা পরিষদের নির্বাচন আয়োজন এবং পার্বত্য এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

মানববন্ধন থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অধীন স্বাস্থ্য বিভাগের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় বক্তারা জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিকায়ন, চিকিৎসক-নার্সদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, অক্সিজেন, অ্যান্টিভেনম, ভ্যাকসিন ও ওষুধ সরবরাহ, প্রয়োজনে নৌ-অ্যাম্বুলেন্স চালুর দাবি জানান।

এ ছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে তদারকি বৃদ্ধি, হাসপাতালগুলোতে এমআরআই, সিসিইউ ও আইসিইউ স্থাপনের উদ্যোগ এবং স্বাস্থ্য বিভাগের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে শৈনাং খুমির সভাপতিত্বে বক্তব্য দেন থোয়াইঅং মারমা, সারাউ খেয়াং, নেলশন ত্রিপুরা ও মেসাই মারমা। এ সময় বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, হিল উইমেন্স ফেডারেশন, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, বাংলাদেশ ম্রো স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ চাক স্টুডেন্টস কাউন্সিল, বাংলাদেশ খেয়াং স্টুডেন্টস ইউনিয়ন, বাংলাদেশ খুমি স্টুডেন্টস কাউন্সিল, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামসহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক