বয়স্ক-প্রতিবন্ধী-বিধবা ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু, চলবে ৩১ আগস্ট পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। শনিবার (১ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা গত ৩০ জুন জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির জন্য নতুন আবেদন গ্রহণ করা হবে। পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী ও চা-শ্রমিকদের জন্য বিভিন্ন ভাতা এবং শিক্ষা উপবৃত্তির আবেদনও গ্রহণ করা হবে।
আগ্রহীরা dss.bhata.gov.bd/online-application ঠিকানায় নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে আবেদনকারীর নিজ নিজ স্থায়ী ঠিকানার ভিত্তিতে।
এদিকে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে হলে আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। এছাড়া জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত সক্রিয় মোবাইল নম্বর এবং নিজের মোবাইল বা ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সক্রিয় মোবাইল নম্বরও দিতে হবে।
যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন, তারা এ কর্মসূচির জন্য বিবেচিত হবেন না বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।এছাড়া আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদেরও নতুন করে আবেদন করতে হবে না।
নির্দেশনা অনুযায়ী, নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকায় থাকা আগের আবেদনগুলো যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের প্রাপ্যতা অনুযায়ী চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। বিদ্যমান নীতিমালা অনুসরণ করে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা অনুমোদনের নির্দেশ দেয়া হয়েছে।
পরে চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
এমআই/