২৪ জুলাই, ২০২৬ ০৪:২২ পিএম

মানিকগঞ্জে তিন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িক বন্ধ

মানিকগঞ্জে তিন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িক বন্ধ
ছবি: সংগৃহতি

মেডিভয়েস রিপোর্ট: নবায়নহীন লাইসেন্স এবং কর্তব্যরত চিকিৎসকের অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মানিকগঞ্জ আল রাফি জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে লাইসেন্স নবায়ন না থাকা, কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুমের অনুপস্থিতি এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগের বিভিন্ন অনিয়মের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানে শেষে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস জানান, ২০১৯-২০২০ সালের পর থেকে জয়রা রোডে অবস্থিত আল রাফী জেনারেল হাসপাতালটি লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে। স্বাস্থ্যমন্ত্রী বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে স্থাপন করা হয়নি লেবার রুম। প্রতিষ্ঠানটি চালুর পর থেকে আজ পযন্ত পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স পায়নি। এ ছাড়া নেই ডিউটি ডাক্তার ও ডিপ্লোমা নার্স।

তবে এসব অনিয়ম মানতে নারাজ আল রাফি হাসপাতালের পরিচালক সজল মিয়া। বরং অভিযানের নেতৃত্ব দেওয়া সিভিল সার্জনের সাথে তর্কে জড়ান তিনি । এ সময় সিভিল সার্জনকে চ্যালেঞ্জ করে জানান, ‘আল রাফি হাসপাতালের মত নিয়ম মেনে মানিকগঞ্জের কোন হাসপাতাল চলে না। যদি কোন হাসপাতাল চলে তাহলে, তিনি (সজল) হাতে চুড়ি পড়ে ঘুরবেন।’

এর পাশেই অবস্থিত যমুনা জেনারেল হাসপাতালেও দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি লাইসেন্স। এ ছাড়া পরিদর্শনের সময় সেখানেও কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি। একই সঙ্গে তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও  ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন ধরনের অনিয়মও ধরা পড়ে।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস আরও জানান, ‘মানিকগঞ্জের স্বাস্থ্যসেবাকে জনবান্ধব ও মানসম্মত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আজ তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান  অব্যাহত থাকবে।’

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক