১৭ জুলাই, ২০২৬ ০৪:৩৭ পিএম

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৯৪, হাসপাতালে চিকিৎসাধীন ৯১২

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত ৯৪, হাসপাতালে চিকিৎসাধীন ৯১২
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৯৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ৯১২ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন এবং বরিশাল বিভাগে ১০ জন রয়েছেন।

চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট নয় হাজার ৭৭০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আট হাজার ৮২৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১২ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জন নারী এবং ১৪ জন পুরুষ। মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে ছয়জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজন, ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চারজন, খুলনায় তিনজন, বরিশালে দুজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ২০২৪ সালে আক্রান্ত ছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারান এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত