১১ জুলাই, ২০২৬ ০৯:৪৬ পিএম

রংপুর নার্সিং কলেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট দুর্ঘটনায় চার শিক্ষার্থী আহত

রংপুর নার্সিং কলেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট দুর্ঘটনায় চার শিক্ষার্থী আহত
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: রংপুর নার্সিং কলেজের ফ্লোরেন্স নাইটিঙ্গেল বয়েজ হোস্টেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত শিক্ষার্থীরা হলেন, বিএসসি ইন নার্সিং (বেসিক) প্রথম বর্ষের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহাদাত হোসেন, দ্বিতীয় বর্ষের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী সজল চৌহান এবং তৃতীয় বর্ষের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী মো. মমিনুর রহমান ও জাকির হোসেন সালমান।

অগ্নিকাণ্ডের বিষয়ে জানতে চাইলে কলেজের হোস্টেল সুপার আবুল কালাম আজাদ মেডিভয়েসকে বলেন, ‘হোস্টেলের বৈদ্যুতিক মেইন সুইচ বোর্ডে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট বিভাগ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।’

তিনি জানান, ‘আগুন লাগার পর শিক্ষার্থীরা দ্রুত হোস্টেল থেকে বের হওয়ার সময় চারজন আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে, প্রথম বর্ষের শিক্ষার্থী শাহাদাত হোসেন এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।’

আহতদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে আব্দুল কালাম আজাদ বলেন, ‘তাদের অবস্থা ভালো। গুরুতর কোনো আশঙ্কা নেই।’

তিনি আরও জানান, ঘটনার পর তিনি নিজে হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে হোস্টেল সুপার বলেন, ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, হোস্টেল ভবনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হোস্টেলটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী অবস্থান করেন বলেও জানান তিনি।

রংপুর নার্সিং কলেজের অধ্যক্ষ সুফিয়া বেগম মেডিভয়েসকে বলেন, বয়েজ হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে দ্রুত নিচে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী হাতে-পায়ে আঘাত পেয়ে আহত হয়েছেন। এতে প্রতিষ্ঠানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ঘটনার কারণ সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি তিনি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত