দেশে হাম উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু: মোট মৃত্যু ৭২৪
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৩১ জন শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু ৯৩ জন শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭২৪ জন ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৬৫ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা এক লাখ দুই হাজার ৯৯৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১৫৪ জন। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ২৮৬ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮২ হাজার ৭৫৯ জন শিশু।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএইচ/