প্রত্যাবর্তনের এক বছর পূর্তিতে সহকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএমইউর অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের দায়িত্বে পুনরায় যোগদানের এক বছর পূর্তি উপলক্ষে বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁর সহকর্মীরা।
গত বছর ২ জুলাই পুনরায় ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের দায়িত্ব পান ডা. সৈয়দ আকরাম হোসেন। রাজনৈতিক কারণে প্রায় দেড় দশক আগে চাকরিচ্যুত করা হয়েছিল তাকে।
এ উপলক্ষে নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় অধ্যাপক ডা.আকরাম হোসেন বলেন, ২০০৫ সালে যে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ প্রতিষ্ঠার সৌভাগ্য তাঁর হয়েছিল, দীর্ঘ ১৫ বছর পর সেই বিভাগে ফিরে এসে এক বছর পূর্ণ করা তাঁর জীবনের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি অধ্যায়। এটি শুধু কর্মস্থলে ফিরে আসা নয়, বরং ঘরে ফেরা, প্রতিকূলতা জয়, নতুন উদ্যমে পথচলা এবং মানবসেবার অঙ্গীকারকে আরও দৃঢ় করার এক অনন্য অভিজ্ঞতা।
তিনি বলেন, গত এক বছরে বিভাগের একাডেমিক কার্যক্রম আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে বহুবিষয়ক (মাল্টিডিসিপ্লিনারি) চিকিৎসাসেবা সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের সংযোজন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোগীদের প্রতি মানবিক ও মানসম্মত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে।
আকরাম হোসেন বলেন, এই অর্জন কোনো একক ব্যক্তির নয়; এটি বিভাগের শিক্ষক, সহকর্মী, শিক্ষার্থী, রেসিডেন্ট চিকিৎসক, নার্স, মেডিক্যাল ফিজিসিস্ট, রেডিয়েশন টেকনোলজিস্ট, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাঁদের আন্তরিকতা, সহযোগিতা, ভালোবাসা ও আস্থার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বিএমইউর নেতৃত্বের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আস্থা ও সহযোগিতা বিভাগের উন্নয়ন কার্যক্রমকে নতুন গতি দিয়েছে এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এমআর/