২৭ জুন, ২০২৬ ০৭:৩৮ পিএম

‘বিএমইউতে মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণের পরিকল্পনা’

‘বিএমইউতে মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণের পরিকল্পনা’
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের নিরাপদ ও পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত উন্নয়ন বাজেটে এ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।

আজ শনিবার (২৭ জুন) দুপুরে বিএমইউর বাজেট বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরেন।

এসময় বাজেট প্রস্তাবনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে পুরাতন ‘এ’ ব্লকের দ্বিতীয় থেকে সপ্তম তলা পর্যন্ত বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীদের আবাসিক হল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে ইতোমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে।

এ কারণে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পর্যাপ্ত আবাসন সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা বরাদ্দ সাপেক্ষে একটি মাল্টিপারপাস আবাসিক হল নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর প্রকল্পটির ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়ন করবে। প্রকৃত ব্যয় নির্ধারণের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে আবাসিক হল নির্মাণের প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে।

এ সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত পরিচালন ও উন্নয়ন বাজেট বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত