২৬ জুন, ২০২৬ ১২:৩৭ পিএম

ডিএনসিসিতে এক হাজার ৯০৫ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

ডিএনসিসিতে এক হাজার ৯০৫ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
ফাইল ছবি

মেডিভয়েস রিপাের্ট: আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এক হাজার ৯০৫টি কেন্দ্রে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ডিএনসিসির নগর ভবনে স্বাস্থ্য বিভাগ আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬–সংক্রান্ত এক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ৫৪টি স্থায়ী ও এক হাজার ৮৫১টি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দুজন করে মোট তিন হাজার ৮১০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া কর্মসূচি তদারকিতে মাঠপর্যায়ে ১৮৩ জন প্রথম সারির এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত থাকবেন।

কর্মশালায় জানানো হয়, ক্যাম্পেইনের দিন ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বস্তিবাসী এবং বাস টার্মিনাল ও রেলস্টেশন এলাকায় অবস্থানরত শিশুদের কাছে সেবা পৌঁছে দিতে ডিএনসিসির পক্ষ থেকে চারটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হবে। ক্যাম্পেইনের দিনসহ পরবর্তী চার দিন মোবাইল সেবার মাধ্যমে এসব এলাকায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ ছাড়া কর্মজীবী অভিভাবকদের সুবিধার্থে ক্যাম্পেইনের দিন এবং পরবর্তী চার দিন ডিএনসিসির স্থায়ী কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকবে।

প্রায় ১৪ মাস পর দেশব্যাপী এই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিন সারা দেশে ছয় থেকে ৫৯ মাস বয়সী দুই কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক