২২ জুন, ২০২৬ ০৩:২০ পিএম

স্বাস্থ্যসেবার মহাপরিচালকের সাক্ষাৎ না পেয়ে স্বাস্থ্য শিক্ষায় আদ্-দ্বীনের বিদেশি ইন্টার্নরা

স্বাস্থ্যসেবার মহাপরিচালকের সাক্ষাৎ না পেয়ে স্বাস্থ্য শিক্ষায় আদ্-দ্বীনের বিদেশি ইন্টার্নরা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আদ্-দ্বীনের নিবন্ধন বাতিলের পর সৃষ্ট জটিলতা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সাক্ষাৎ না পেয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এসেছে আদ‌্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের বিদেশি ইন্টার্ন শিক্ষার্থীরা।

আজ সোমবার (২২ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে সাক্ষাৎ না পেয়ে বেলা ১১টা ৫০ মিনিটে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বের হয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উদ্দেশ্যে যান তারা।

এ সময়, প্রায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে উপস্থিত হয়। তবে সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় তারা পরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যান। শিক্ষার্থীদের মধ্যে ভারত ও মালদ্বীপের শিক্ষার্থীরা রয়েছেন, যারা আদ্-দ্বীন মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করছেন।

ভারতীয় শিক্ষার্থীরা বলেন, ‘ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন (ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট লাইসেন্সিয়েট) রেগুলেশন্স, ২০২১-এর ৪(ক) (২) ধারা অনুযায়ী, একই মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ও ইন্টার্নশিপ সম্পন্ন না করলে তা গ্রহণযোগ্য হবে না।’

এ সময় প্রতিনিধি দলেন অন্য শিক্ষার্থীরাও জানান, নিজ নিজ দেশের নিয়ম অনুযায়ী এমবিবিএস শেষে অনুমোদিত হাসপাতালেই ইন্টার্নশিপ সম্পন্ন করা বাধ্যতামূলক। হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন এবং ডিগ্রি স্বীকৃতি ও ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে শঙ্কায় আছেন।

এ নিয়ে ভারতীয় শিক্ষার্থীরা শনিবার (২১ জুন) ঢাকায় ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। পরে আজ সকাল থেকে অপেক্ষা করেন স্বাস্থ্য অধিদপ্তরে। সেখানেও কারও সাক্ষাৎ পাননি তারা।

জানা গেছে, আদ‌্‌-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ জনের বেশি বিদেশি শিক্ষার্থী ইন্টার্নশিপ করছেন এবং মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জনের বেশি।

এ দিকে স্বাস্থ্য অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস একটি আন্তর্জাতিক সম্মেলনে থাকায় সাক্ষাৎ সম্ভব হয়নি। পাশাপাশি শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই উপস্থিত হন বলে জানান তিনি।

এর আগে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিলের পর রোগী সেবা বন্ধ হয়ে যায়। তবে কলেজের একাডেমিক কার্যক্রম চলমান থাকলেও ক্লিনিক্যাল প্রশিক্ষণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন শিক্ষার্থীরা।

এনএইচ/এমআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত