২১ জুন, ২০২৬ ০৪:২৫ পিএম

বরগুনায় মাইকিংয়ের মাধ্যমে চিকিৎসকদের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা

বরগুনায় মাইকিংয়ের মাধ্যমে চিকিৎসকদের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বরগুনা জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে চিকিৎসকদের রোগী দেখার বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ ধরনের প্রচারণা বন্ধ রাখতে বলা হয়েছে।

সম্প্রতি বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ স্বাক্ষরিত জারি করা এক নোটিশের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, চলতি জুন মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলার কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসকের রোগী দেখার সময়সূচি বা সেবা সংক্রান্ত বিষয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাতে পারবে না।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্দেশনা অমান্য করে কোনো প্রতিষ্ঠান মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জারি করা নোটিশে জেলার সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, মালিকপক্ষ ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসাসেবা সংক্রান্ত প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বানও জানানো হয়েছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত